প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
লংগদুতে সদ্ধর্ম সভা ও নানা আয়োজনে ৩১তম কঠিন চীবরদান সম্পন্ন

মঞ্জুরুল ইসলাম লিটন রাঙামাটি (লংগদু) প্রতিনিধি:
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় বেইন বুননের মধ্য দিয়ে। পরবর্তীতে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার ও কল্পতরু দানসহ নানাবিধ দান এবং সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
সোনাই কার্বারি পাড়ার মহান দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু মানিক কুমার চাকমা এবং সঞ্চালনা করেন বাবু নির্পন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহামের।
এ সময় কঠিন চীবরদানের ইতিহাস তুলে ধরে ভান্তে বলেন, কঠিন চীবরদানের ইতিহাস গৌতম বুদ্ধের সময়কালের পুণ্যবতী উপাসিকা বিশাখা ও ভিক্ষুসংঘের সাথে জড়িত। কথিত আছে, বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘের চীবরের (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) প্রয়োজন দেখা দিলে বিশাখা বুদ্ধের অনুমতি নিয়ে এক রাতের মধ্যে সুতা কাটা থেকে শুরু করে বয়ন, রঙ করা ও সেলাইয়ের কাজ সম্পন্ন করে ভিক্ষুদের চীবর দান করেছিলেন।
সবশেষে ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট